সিডনিতে সংবর্ধিত হলেন ডেপুটি মেয়র এলিজা রহমান
অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন সিটি কাউন্সিলের নবনির্বাচিত ডেপুটি মেয়র এলিজা আজাদ রহমানকে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সম্প্রতি ওরান পার্কের ক্যামডেন সিভিক সেন্টারে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ এবং সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ডেপুটি মেয়র এলিজা আজাদ রহমানকে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এলিজা আজাদ রহমানের মেয়ে মাহিকা রহমান, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক মাসুদুল হক এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো. রহমতুল্লাহ, ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর শিরিন আক্তার, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, আশিকুর রহমান এবং লেবার পার্টির ক্যামডেন শাখার প্রেসিডেন্ট ব্রায়ান কুলকাট বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গামা আবদুল কাদের, মো. শফিকুল আলম, সিরাজুল হকসহ অনেক ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অভ নটরডেম অস্ট্রেলিয়ার প্রভাষক সাখাওয়াত নয়ন।
উল্লেখ্য, বাংলাদেশী বংশোদ্ভুত এলিজা আজাদ রহমানের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায়।