কোলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ হচ্ছে ডিসেম্বরে

আগামী ৩০ নভেম্বরের পর থেকে ভারতের কোলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো আর পরিচালিত হবে না। বাংলাদেশ সরকারের সঙ্গে ভিসা আউটসোর্সিং প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কোলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। বাংলাদেশ সরকার আউটসোর্সিং প্রতিষ্ঠানটির সাথে চুক্তি পুনরায় নবায়ন না করার সিদ্ধান্তের কারণে ডিইউ ডিজিটাল কর্তৃক পরিচালিত ভিসা সেন্টারগুলো তাদের নির্দিষ্ট ঠিকানায় আর পরিচালিত হবে না।

বিজ্ঞপ্তিটিতে ৩০ নভেম্বরের পর থেকে যেন কোনো ধরনের ভিসা আবেদনকারী ডিইউ ডিজিটাল পরিচালিত ভিসা সেন্টারে ভিসা আবেদন জমা না দেন সেই ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে।

এতে জানানো হয় যে নতুন ভিসা আবেদন সেন্টারের ঠিকানা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম পরে একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সবার অবগতির জন্য জানিয়ে দেওয়া হবে।

- বস্টন স্টার নিউজ