মা হয়েও বিশ্ব সুন্দরী হলেন পুয়ের্তো রিকোর জেনিফার
এই বছরের ‘মিস ইউনিভার্স’ নির্বাচিত হয়েছেন পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার ব্যারেটো।
যুক্তরাষ্ট্রের স্বায়ত্তশাসিত অঞ্চলটির রাজধানী সান হুয়ানে মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতাটির ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালেতে ২৭ বছর বয়সী এই সমাজকর্মী অন্য ১১৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন।
তিন বছর আগে বিবাহিত বা সন্তান জন্ম দিয়েছেন এমন নারীদের অংশগ্রহণের ওপর থাকা বিতর্কিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর জেনিফার ব্যারেটোই প্রথম বিবাহিত নারী এবং মা হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতলেন।
ভিসা সংক্রান্ত জটিলতা, ব্যবসায়িক বিরোধ এবং গত বছরের ভোট কারচুপির অভিযোগের মতো নানা কারণে শেষ মুহূর্তে অনেক প্রতিযোগী নাম প্রত্যাহার করে নেওয়ায় প্রতিযোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল।
মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন প্রারম্ভিক পর্বে বিচারকদের দেওয়া স্কোরের ভিত্তিতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়।
অবশিষ্ট ৩০ জন প্রতিযোগীর মধ্যে ১২ জন সুইমস্যুট রাউন্ডে অংশ নেওয়ার পর ‘ইভনিং গাউন’ বা সান্ধ্যকালীন পোশাকের প্রদর্শনীতে জায়গা করে নেন। এরপর চূড়ান্ত পাঁচ প্রতিযোগীকে বিচারকরা বিভিন্ন প্রশ্ন করেন যেগুলোর মধ্যে ছিল ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার তাৎপর্য এবং বিশ্বনেতাদের কাছ থেকে পৃথিবীর কী প্রত্যাশা—এমন সব বিষয়।
কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির যুগে কোন মানবিক মূল্যবোধটি আমাদের ‘কখনই হারানো উচিত নয়’—এমন প্রশ্নের জবাবে ব্যারেটো স্প্যানিশ ভাষায় বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা।” তিনি আরও যোগ করেন, “যদি কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের মূল্যবোধগুলোকে ঝুঁকির মুখে ফেলে দেয়, তবে বুঝতে হবে সেগুলো আসলে কখনোই প্রকৃত মূল্যবোধ ছিল না। আমাদের কাজ ও কথার সামঞ্জস্য—বিশেষ করে যখন সেই মূল্যবোধগুলো বজায় রাখা কঠিন হয়ে পড়ে—সেটিই মূলত আমাদের মূল্যবোধকে সংজ্ঞায়িত করে।”
যদিও চূড়ান্ত পর্বটি অত্যন্ত চমৎকারভাবে সম্পন্ন হয়েছে তবে এই আয়োজনের আগের সপ্তাহ ও মাসগুলোতে বেশ কিছু জটিলতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সমস্যা বা বিলম্বের কারণে নেপাল এবং দক্ষিণ সুদান ও কঙ্গো প্রজাতন্ত্রসহ আফ্রিকার পাঁচটি দেশের সুন্দরীরা—যারা প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছিল—নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।
ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রতিনিধিরা চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন না। এর কারণ হলো ‘মিস ইউনিভার্স’ সংগঠন এবং থাই ব্যবসায়ী নাওয়াত ইতসারাগ্রিসিলের মধ্যে চলমান একটি চুক্তিভিত্তিক বিরোধ।
এই ব্যবসায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশে বাছাই পর্বের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। ভোট কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে, ‘মিস ইউনিভার্স ফ্রান্স’-এর আয়োজকরা মে মাসের শুরুর দিকে ২০২৫ সালের চূড়ান্ত পর্ব থেকে তাদের প্রতিনিধিকে প্রত্যাহার করে নেন।
এরপর ‘মিস ইউনিভার্স’ সংগঠনটি একটি বাছাই কমিটি গঠন করে যারা গারান্সে ওথিয়েকে নির্বাচন করে। তিনি ছিলেন ‘মিস ফ্রান্স’-এর বিকল্প প্রতিনিধি যিনি মঙ্গলবার প্রতিযোগিতার সেরা ১২ জনের তালিকায় জায়গা করে নিয়েছিলেন।
গত বছর চূড়ান্ত পর্বের তিন দিন আগে বিচারক ওমর হারফউচ পদত্যাগ করেছিলেন। তাঁর ধারণা ছিল, অননুমোদিত এক ‘অপ্রত্যাশিত জুরি’ প্যানেলের মাধ্যমে প্রতিযোগিতার ফলাফল আগেই নির্ধারণ করে রাখা হয়েছিল।
হারফউচ আরও দাবি করেন যে ‘মিস মেক্সিকো’ বিজয়ী ফাতিমা বোশ জয়ী হয়েছিলেন মূলত তাঁর বাবার সঙ্গে ‘মিস ইউনিভার্স’-এর সহ-মালিক রাউল রোচা কানতুর ব্যবসায়িক সম্পর্কের কারণে।
মঙ্গলবার মঞ্চে উপস্থিত থেকে ফাতিমা বোশ তাঁর স্থলাভিষিক্ত জেনিফার বারেতোর মাথায় মুকুট পরিয়ে দেন।