বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “গত তিন দিন ২৭, ২৮ ও আজ ২৯ তারিখ; আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটা তিনি গ্রহণ করতে পারছেন।“
শনিবার (২৯ নভেম্বর) রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।
ডাক্তার জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘একই পর্যায়ে’ আছে।“
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যাপারে ডাক্তার জাহিদ বলেন, “বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে ওনার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর। সেই সিদ্ধান্ত ও সুপারিশের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে; আপনাদেরকে জানানো হবে।”
গত ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।