ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা না থাকা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যে পরিস্থিতিতে তিনি দেশটিতে এসেছেন, সেটিই এখন তার ভবিষ্যৎ অবস্থানের ক্ষেত্রে মূল বিষয়।
আজ শনিবার (৬ ডিসেম্বর) এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভি’র প্রধান নির্বাহী ও সম্পাদক রাহুল কনওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর এ মন্তব্য করেন।
গত বছর জুলাই অভ্যুত্থানের সময় ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাকে গত মাসে বাংলাদেশের রাজধানী ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে তার সরকারের দমনপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়।
শেখ হাসিনা কি যত দিন ইচ্ছা তত দিন ভারতে থাকতে পারবেন? জয়শঙ্করকে করা প্রশ্নটির উত্তরে তিনি বলেন, এটা ভিন্ন প্রসঙ্গ। তিনি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন। আমার মনে হয়, সেই পরিস্থিতিই ভবিষ্যতে তার জন্য কী হবে সেটা নির্ধারণে ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে।
জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশটিতে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন। এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন, তারা অতীতে নির্বাচন নিয়ে আপত্তি তুলেছিলেন।যদি সমস্যা নির্বাচনই হয়ে থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন।