দেহ মন

ডিস্কো রানি ডোনা সামার জন্মেছিলেন বস্টনে

🎤 কিংবদন্তি আমেরিকান গায়িকা ও গীতিকার ডোনা সামার যিনি ‘কুইন অভ ডিস্কো’ (ডিস্কোর রানি) হিসেবে ব্যাপকভাবে পরিচিত, ম্যাসাচুসেটসের বস্টনে জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর। তাঁর জন্মগত নাম ছিল লাডোনা অ্যাড্রিয়ান গেইনস।
সত্তরের ও আশির দশকে তিনি আন্তর্জাতিক সংগীত জগতে এক আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব হয়ে ওঠেন। আরঅ্যান্ডবি, সোল, পপ, রক, ফাঙ্ক এবং ইলেকট্রনিক সংগীতের সংমিশ্রণে তৈরি তাঁর শক্তিশালী কণ্ঠ, প্রাণবন্ত ড্যান্স মিউজিক এবং অবিস্মরণীয় সব হিট গান তাঁকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়।
তাঁর সংগীত ‘ডিস্কো যুগ’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তী প্রজন্মের অনেক গায়ক ও সংগীতশিল্পীকে অনুপ্রাণিত করে।
তিনি ২০১২ সালের ১৭ মে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
আজ তিনি আমাদের মাঝে না থাকলেও, তাঁর সংগীত বিশ্বজুড়ে শিল্পীদের অনুপ্রাণিত করে চলেছে এবং শ্রোতাদের আনন্দ দিয়ে যাচ্ছে। তাঁর অসাধারণ কণ্ঠ, সৃজনশীল শৈলী এবং যুগান্তকারী সব রেকর্ডিং তাঁকে সঙ্গীতের ইতিহাসে বস্টনের অন্যতম সেরা সংগীত প্রতিভা এবং ডিস্কো সংগীতের এক চিরস্থায়ী আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

🎤 ডোনা সামার ফ্যাক্টস

• তিনি একটি বড় পরিবারে বেড়ে ওঠেন এবং ছোটবেলা থেকেই ‘গ্রান্ট এএমই চার্চ’ ও স্থানীয় গায়কদলে (কোরাস) গান গাওয়ার মাধ্যমে তাঁর সংগীতজীবন শুরু করেন।
• জর্জিয়ো মোরোদেরের সাথে যৌথভাবে তৈরি তাঁর ১৯৭৭ সালের গান ‘আই ফিল লাভ’ ইলেকট্রনিক ড্যান্স ও টেকনো সংগীতের ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
• তিনিই প্রথম এবং একমাত্র শিল্পী যাঁর তিনটি ডাবল অ্যালবাম বিলবোর্ড চার্টে টানা এক নম্বর অবস্থানে ছিল। অ্যালবামগুলো হলো ‘লাইভ অ্যান্ড মোর’, ‘ব্যাড গার্লস’ এবং ‘অন দ্য রেডিও: গ্রেটেস্ট হিটস ভলিউম ১ ও ২’)।
• তিনি পাঁচটি গ্র্যামি পুরস্কার জিতেন এবং তিনিই প্রথম নারী শিল্পী যিনি চারটি ভিন্ন ধারার সংগীতে (আরঅ্যান্ডবি, ড্যান্স, রক ও গসপেল) গ্র্যামি জয় করেন। এছাড়া, তিনিই প্রথম শিল্পী যিনি ‘বেস্ট রক ভোকাল পারফরম্যান্স, ফিমেল’ (১৯৭৯ সালে ‘হট স্টাফ’ গানের জন্য) বিভাগে পুরস্কার অর্জন করেন।
• ১৯৭৯ সালে ‘থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে’ চলচ্চিত্রের ‘লাস্ট ড্যান্স’ গানটির জন্য তিনি ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে অস্কার পুরস্কার লাভ করেন।
• সংগীতের বাইরেও তিনি ছিলেন একজন দক্ষ চিত্রশিল্পী। তাঁর আঁকা শিল্পকর্ম বিভিন্ন গ্যালারিতে হাজার হাজার ডলারে বিক্রি হয়েছে।
• ২০১৩ সালে তাঁকে ‘রক অ্যান্ড রোল হল অভ ফেম’-এ এবং ২০২৪ সালে ‘সংরাইটার্স হল অভ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here