ব্যবসা-বাণিজ্য

বিমানের দাম্মাম ফ্লাইট চালু, রিয়াদ রুটে শুরু হবে ২৫ অক্টোবর

সৌদি আরবের বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার পর বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ বুধবার (২১ অক্টোবর) দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছে বাংলাদেশের জাতীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সৌদি আরবের রাজধানী রিয়াদ রুটেও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান।

এতে বলা হয়েছে, ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট যাত্রা করবে আগামী ২৫ অক্টোবর রবিবার রাত ১টা ২৫ মিনিটে । সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা সাপেক্ষে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বিমানের দাম্মামগামী ফ্লাইটগুলো আগামী ২৬ অক্টোবর সোমবার পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে।

এছাড়া, আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দু’টি ফ্লাইট ছেড়ে যাবে। পাশাপাশি আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে বিমানের একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

টিকেট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য বিমানের যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here