এশিয়া

ভারতীয়দের জন্য ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধা তুলে নিচ্ছে মালয়েশিয়া

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধা প্রত্যাহার করে নেবে মালয়েশিয়া।

কোভিড-পরবর্তী পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৩ সালের ডিসেম্বরে এই নীতিটি চালু করা হয়েছিল। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে এর অপব্যবহার বেড়ে যাওয়ায় এখন তা বন্ধ করা হচ্ছে।

ভিসামুক্ত এই ব্যবস্থার আওতায় মালয়েশিয়ায় ভারতীয় পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়- ২০২৪ সালে ১৩.৬ লাখ, ২০২৫ সালে ১৫.৬ লাখ এবং ২০২৬ সালের প্রথমার্ধে ৭.৪ লাখ ভারতীয় মালয়েশিয়া ভ্রমণ করেছেন (পুরো বছরের জন্য লক্ষ্যমাত্রা ছিল ২১ লাখ)।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন সতর্ক করে বলেছে যে অনেক ভারতীয় নাগরিক ৩০ দিনের এই সুবিধা ব্যবহার করে মূলত কাজের সন্ধানে মালয়েশিয়ায় আসছেন। এটি বিদ্যমান নিয়মের লঙ্ঘন কারণ এই সুবিধার আওতায় শুধু পর্যটন বা সামাজিক ভ্রমণের অনুমতি রয়েছে।

অভিযোগ রয়েছে যে অনেক ভ্রমণকারী বিভিন্ন এজেন্টের দেওয়া চাকরির মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত হয়েছেন। এর ফলে তারা অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় মালয়েশিয়ায় অবস্থান করেছেন যার ফলে তারা অবৈধ হয়ে পড়ে শোষণ, আটক হওয়া ও আইনি পদক্ষেপের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ঘোষণা করেছে যে ভারতীয়দের জন্য ভিসা অব্যাহতি সুবিধা ২০২৭ সালের ১ জানুয়ারি শেষ হবে। ওই তারিখ থেকে মালয়েশিয়ায় প্রবেশের আগে ভারতীয় নাগরিকদের অবশ্যই বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। ১ ডিসেম্বর ২০২৬ থেকে ‘মাই-ভিসা’ (MyVISA) পোর্টালের মাধ্যমে ভিসার আবেদন করা যাবে।

ভিসা আবেদনের ফলাফল যা-ই হোক না কেন বা পরবর্তীতে পরিকল্পনায় কোনো পরিবর্তন আসুক না কেন, জমা দেওয়া ভিসা ফি ফেরতযোগ্য নয়।

বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের জন্য আগে থেকেই ভিসার প্রয়োজন হয়।

ভারতীয় মিশন এখনো পরামর্শ দিচ্ছে যে এই সুবিধাটি (যতদিন কার্যকর আছে) কেবল পর্যটন বা সামাজিক ভ্রমণের জন্যই প্রযোজ্য। ভ্রমণকারীদের অবশ্যই নিশ্চিত ফিরতি টিকেট, হোটেল বুকিং, আগে থেকে পূরণ করা ‘মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (Malaysia Digital Arrival Card) এবং অন্তত ছয় মাস মেয়াদী পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।

কাজের উদ্দেশ্যে ভ্রমণের জন্য যথাযথ ওয়ার্ক পারমিট বা ‘ভিসা উইথ রেফারেন্স’ (VDR) থাকা আবশ্যক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here