
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানায়।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ভোট গণনা শুরু হয়।
তারপর ওই দিন রাতে সারা দেশ থেকে রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কমিশনে ফলাফল পাঠানো শুরু করেন।
নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাতে প্রথমে আংশিক ফলাফল ঘোষণা শুরু করে। তারপর চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা শুরু হয় গভীর রাতে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর ২৯৭টি আসনের ফলাফল ঘোষণার মধ্যদিয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ফলাফল ঘোষণা সমাপ্ত করেন।
জামাতের তিন গুণ আসন বিএনপির
ইসি ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে।
জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দু’টি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি।



