
বাংলাদেশে গতকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে।
তাছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দু’টি আসনের (চট্টগ্রাম-২ ফটিকছড়ি ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড) ফলাফল ঘোষণা করা হয়নি।
অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে।
তাছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।
গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশনায় সংসদ নির্বাচনের দু’টি আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তাই সেই ভোটগুলো গণভোটে যুক্ত হয়েছে।
তিনি বলেন, ‘গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর বিপক্ষে বা ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।’
রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট শিট (হার্ড কপি) আসার পর তা যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে বলে জানান তিনি।



