ভ্রমণ

কোরি লি: হুইলচেয়ারে ৫৬ দেশ, সাত মহাদেশ

বাদ যায়নি অ্যান্টার্কটিকাও

✈️ ভ্রমণ মানে শুধু নতুন কোনো জায়গায় যাওয়া নয়। কারো কারো কাছে ভ্রমণ মানে হলো ভিন্ন ভিন্ন সংস্কৃতি আবিষ্কার করা, অপরিচিত দৃশ্যের অভিজ্ঞতা নেওয়া এবং সম্ভব হলে সীমানাকে চ্যালেঞ্জ জানানোর মতো বিষয়।
✈️ ৩৬ বছর বয়সী কোরি লি’র ক্ষেত্রে ভ্রমণের এই চ্যালেঞ্জ আরো বেশী কিছু কারণ তিনি শারীরিক অক্ষমতাকে জয় করে দেখে এসেছেন অ্যান্টার্কটিকা সহ সাতটি মহাদেশের ৫৬টি দেশ। এমন এক ভ্রমণ রেকর্ড গড়েছেন যার সমকক্ষ আছেন খুব কম মানুষই।
✈️ বড় বড় শহরের কোলাহলপূর্ণ রাস্তা থেকে শুরু করে দুর্গম প্রাকৃতিক পরিবেশ—কোরি লি-এর এই যাত্রা আমাদের পৃথিবীর বৈচিত্র্যের এক চমৎকার অন্বেষণ। প্রতিটি গন্তব্য একটি ভিন্ন গল্প, নতুন দৃষ্টিভঙ্গি এবং পরিচিত গণ্ডির বাইরে জীবনকে অনুভব করার সুযোগ নিয়ে আসে তাঁর কাছে।
✈️ অন্যান্য জনপ্রিয় পর্যটন গন্তব্যের তুলনায় অ্যান্টার্কটিকা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা দিয়েছে কোরিকে। এখানে রয়েছে বরফে ঢাকা বিশাল ভূদৃশ্য, সুউচ্চ হিমবাহ, অসাধারণ বন্যপ্রাণী এবং চরম প্রতিকূল পরিবেশ। এই মহাদেশে পা রাখা যেকোনো ভ্রমণপিপাসু মানুষের জন্যই একটি বিশেষ মাইলফলক।
কোরি লি’র ভ্রমণগুলো সাংস্কৃতিক আবিষ্কারের গুরুত্বকেও তুলে ধরে। প্রতিটি দেশের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস, খাবার, ভাষা ও জীবনধারা রয়েছে। ৫৬টি দেশ ভ্রমণের মাধ্যমে তিনি বিভিন্ন সংস্কৃতির পার্থক্য এবং মানুষের মধ্যে থাকা অভিন্ন অভিজ্ঞতাসমূহকে বোঝার সুযোগ পেয়েছেন যা জাতীয় সীমানার বাইরেও মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করে।
✈️ তাঁর এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দৈনন্দিন জীবনের গণ্ডির চেয়ে পৃথিবী অনেক বড়। এটি অন্যদেরও কৌতূহলী হতে, নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে এবং ভ্রমণকে ব্যক্তিগত বিকাশ ও বোঝাপড়ার একটি সুযোগ হিসেবে দেখতে উৎসাহিত করে।
✈️ কোরি’র সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি ৪০০ পাউন্ড ওজনের একটি পাওয়ার হুইলচেয়ার ব্যবহার করে এই অসাধ্য সাধন করেছেন অর্থাৎ তিনি শুধু বিশ্বজুড়ে ভ্রমণই করেননি বরং চলাচলের ক্ষেত্রে বিদ্যমান কঠিন সব প্রতিবন্ধকতাকেও জয় করেছেন।
✈️ কোরি বলেন, “বিমানে আমি শারীরিকভাবে শৌচাগার ব্যবহার করতে পারি না, তাই ফ্লাইটের আগের কয়েক দিন আমাকে সাধারণত পানাহার থেকে বিরত থাকতে হয় অর্থাৎ তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় থাকতে হয়।” “উড়ার দিন আমাকে হুইলচেয়ার থেকে শারীরিকভাবে তুলে বিমানে নিয়ে গিয়ে আমার আসনে বসাতে হয়। এমনও হয়েছে যে আমাকে তুলতে গিয়ে ফেলে দেওয়া হয়েছে।”
✈️ কোরি‘র বন্ধু কেলি নারোস্কি —যিনি নিজেও একজন প্রতিবন্ধী অধিকার কর্মী এবং গাড়ি দুর্ঘটনায় পা হারানোর পর থেকে ম্যানুয়াল হুইলচেয়ার ব্যবহার করেন —বলেন, “ভ্রমণের জন্য কোরিকে যে পরিমাণ কষ্ট করতে হয় তা অবিশ্বাস্য। আমার নিজের অভিজ্ঞতার তুলনায় তা অনেক অনেক বেশি।”
✈️ কেলি, যিনি কোরির সঙ্গে চিলি, স্পেন, গ্রিস, মেক্সিকো, ডোমিনিকান রিপাবলিক এবং বাহামায় ভ্রমণ করেছেন, বলেন, “তার অদম্য সাহস ও অধ্যবসায় আমার এবং আরও অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক। আর আমি কিন্তু ‘অনুপ্রেরণাদায়ক’শব্দটি খুব হালকাভাবে ব্যবহার করি না।”
✈️ কোরি তার জনপ্রিয় ট্রাভেল ব্লগ ‘কার্ব ফ্রি উইথ কোরি লি’(Curb Free with Cory Lee)-তে তার ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কীভাবে সহজে ভ্রমণ করা যায় সেই বিষয়ে পরামর্শ দেন। তার এই ব্লগটি বিশ্বজুড়ে এমন অনেক হুইলচেয়ার ব্যবহারকারী ও তাদের পরিচর্যাকারীদের কাছে পৌঁছায় যারা নিজেদের জীবনকে আরও সমৃদ্ধ করার উপায় খুঁজছেন।
✈️ কেলি বলেন, “চিলির একটি ছোট শহরে এবং স্পেনেও অনেকে তাকে চিনতে পেরেছিলেন। তিনি প্রতিবন্ধী তরুণ-তরুণীদের শেখান যে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তারা ভ্রমণ করতে পারে।”
✈️ ২০১৩ সালে ব্লগ শুরু করার পর থেকে কোরি এত বেশি রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন যে তার পক্ষে সবচেয়ে প্রিয় ভ্রমণ কোনটি তা বেছে নেওয়া কঠিন। এর মধ্যে আফ্রিকার সাফারি ভ্রমণের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন, “আমি একটি জলহস্তীকে স্পর্শ করতে পেরেছিলাম —পুরো সফরটিই ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।”
- বস্টন স্টার নিউজ✈️ থাইল্যান্ডের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কোরি বলেন, “থাইল্যান্ড আমাকে মুগ্ধ করে দিয়েছে—সেখানে আমি হাতিদের খাইয়েছি, এমনকি একটি মঠে বৌদ্ধ ভিক্ষুর কাছ থেকে ট্যাটুও করিয়েছি; দারুণ এক অভিজ্ঞতা ছিল সেটি!”
তিনি আরও বলেন, “আমি সুইস আল্পসে প্যারাগ্লাইডিং করেছি, জিপলাইনিং করেছি, আবার স্নো স্কিয়িংও করেছি। ভ্রমণ আমাকে আমার গণ্ডির বাইরে বেরিয়ে এসে পুরো পৃথিবীকে আপন করে নিতে উদ্বুদ্ধ করে।”
✈️ অ্যান্টার্কটিকায় পৌঁছানোর মুহূর্তটির কথা স্মরণ করে কোরি জানান, তিনি কেঁদে ফেলেছিলেন। ২০২০ সালে মার্কিন গণমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে তিনি বলেছিলেন, “সেটি ছিল আমার জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত কারণ ওই অবস্থানে পৌঁছানোর জন্য আমি দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছিলাম।”
✈️ তার অন্যতম এক ব্যতিক্রমী অভিজ্ঞতা ছিল ২০১৮ সালে মরক্কোতে উটের পিঠে চড়া—এটি ছিল ‘কার্ব ফ্রি’নামে আয়োজিত বার্ষিক দলীয় ভ্রমণের প্রথম আয়োজন যা কোরি বিশেষভাবে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য শুরু করেছিলেন।
✈️ কোরি বলেন, “মরক্কোর একটি কোম্পানি বিশ্বের প্রথম বিশেষ ধরনের উটের জিন (saddle) তৈরি করেছে। উটের পিঠে চড়ে সাহারা মরুভূমির বালিয়াড়ির দিকে তাকিয়ে থাকার সেই মুহূর্তটি আমি কখনই ভুলব না। নিজেকেই নিজে চিমটি কেটে ভাবছিলাম, ‘এটা কি সত্যিই ঘটছে?’ হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে যে এমন অভিজ্ঞতাও পাওয়া সম্ভব তা আমার জানা ছিল না।”
✈️ কোরি’র মা, ৫৭ বছর বয়সী স্যান্ডি গিলব্রেথ, তার নিয়মিত ভ্রমণসঙ্গী। তিনি ভ্রমণের প্রায় সবকিছুর দেখভাল করেন—যেমন মালপত্র সামলানো, হুইলচেয়ার মেরামত, শৌচাগারের ব্যবস্থা, খাবার, গোসলের আয়োজন এবং রাতে ঘুমানোর প্রস্তুতি।
✈️ স্যান্ডি সিএনএন-কে বলেন, “সে আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে, এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। এখন যখনই আমি হুইলচেয়ারে বসা কাউকে দেখি, সবার আগে আমি তাকে একজন ‘মানুষ’হিসেবেই দেখি।”
✈️ তিনি বলেন, “হুইলচেয়ার তাদের অক্ষম করে তোলে না বরং হুইলচেয়ারই তাদের স্বাধীনতা ও স্বনির্ভরতা এনে দেয়”। তিনি আরো বলেন, “মূল সমস্যাটি হলো আমাদের সমাজ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথিবীতে বিদ্যমান নানা সীমাবদ্ধতা।”
- বস্টন স্টার নিউজ✈️এক বছর বয়সী কোরি যখন হাঁটার চেষ্টা করছিল তখন তার হাঁটু ভেঙে পড়ে যাচ্ছিল। স্যান্ডি বুঝতে পেরেছিলেন যে নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে।
তিনি বলেন, “তার পাগুলো হঠাৎ দুর্বল হয়ে যেত, আর আমি ছুটে গিয়ে তাকে থামানোর আগেই তার মাথা সরাসরি মেঝেতে গিয়ে আঘাত করত। আমি তাকে শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়ে গিয়ে জানতে চেয়েছিলাম, ‘এটা কি স্বাভাবিক? আসলে কী ঘটছে?’ কিন্তু তারা বারবার বলতেন, ‘আরে, আপনি তো বড্ড বেশি রক্ষণশীল মা!’ অবশেষে, তার বয়স যখন দুই বছর হলো, আমি বললাম, ‘আমাদের নিশ্চয়ই কিছু একটা করতে হবে।’তখন তারা তার পেশির বায়োপসি করালেন।”
✈️ কোরি’র শরীরে ধরা পড়ে ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ ২’। এটি একটি জিনগত রোগ যা মেরুদণ্ডে মোটর নিউরন নষ্ট হয়ে যাওয়ার কারণে ঘটে থাকে। সিস্টিক ফাইব্রোসিসের পর শিশুদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বাধিক সাধারণ গুরুতর বংশগত রোগ। ফলে ৪ বছর বয়সের মধ্যেই তার পাওয়ার হুইলচেয়ারের প্রয়োজন হয়ে পড়ে।রোগটি যত বাড়তে থাকে, পেশিগুলো ততই দুর্বল হতে থাকে। এর ফলে মাথা সোজা রাখা, কারো সাহায্য ছাড়া বসে থাকা, হাত তোলা, এমনকি শ্বাস নেওয়ার ক্ষমতাও সীমিত হয়ে পড়ে। সাধারণত, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশ ২৫ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকেন। কেউ কেউ ৩০-এর কোঠা পর্যন্তও পৌঁছাতে পারেন।
✈️ স্যান্ডি বলেন, “এটি ছিল অত্যন্ত মর্মান্তিক, পুরোপুরি ধ্বংসাত্মক এক অভিজ্ঞতা। আমি আমার বাবা-মাকে ফোন করে বললাম, ‘ওর এমন এক পেশি ক্ষয়কারী রোগ হয়েছে যার কোনো নিরাময় নেই, আর সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থা কেবল আরও খারাপই হতে থাকবে।”
কোরি তার জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য তার পরিবার বিশেষ করে তার মাকে কৃতিত্ব দেন।
✈️ কোরি বলেন, “ছোটবেলায় আমার মা সবসময় বলতেন: ‘যদি তুমি দাঁড়িয়ে থাকতে না পারো, তবে এমন কিছু করো যাতে তুমি সবার মাঝে আলাদা হয়ে ওঠো।’এই কথাটিই আমার জীবনের মূলমন্ত্র হয়ে দাঁড়ায়। তাছাড়া, হুইলচেয়ার ছাড়া জীবন কেমন হতে পারে, তা আমার জানা নেই; তাই আমি নিজেকে কখনোই ‘প্রতিবন্ধী’হিসেবে দেখি না।”
✈️ মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি নিয়ে পড়াশোনা শেষ করার পর, কোরি চাকরির খোঁজ শুরু করেন, কিন্তু খুব একটা সফল হননি। এরপরই আসে এক বড় সুযোগ—একটি বিজ্ঞাপন সংস্থা তাকে ইন্টারভিউয়ের জন্য পেনসিলভানিয়ায় ডেকে পাঠায়।
✈️ কোরি বলেন, “আমি ভীষণ উত্তেজিত ছিলাম। পরের দিনই আমি পিটসবার্গের উদ্দেশে রওনা হই। নিয়োগকারী ব্যবস্থাপকের অফিসে হুইলচেয়ার নিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই তিনি আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। আমি বুঝতে পারলাম, তিনি শুধু আমার হুইলচেয়ারটিই দেখছেন, আমাকে একজন মানুষ হিসেবে দেখছেন না।”
ইন্টারভিউ শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে গেল।
✈️ লবিতে অপেক্ষা করছিলেন স্যান্ডি। তিনি বলেন, “পাঁচ মিনিটও পার হয়নি, কোরি বেরিয়ে এলো—তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। সে আমাকে জানাল, নিয়োগকারী ব্যবস্থাপক তার দিকে তাকিয়ে বলেছিলেন, ‘এই চাকরির জন্য প্রচুর ভ্রমণের প্রয়োজন, আর আপনি নিশ্চিতভাবেই এর জন্য উপযুক্ত নন।’ এরপরই তিনি ঘর থেকে বেরিয়ে যান।”
✈️ “আজকের দিনে দাঁড়িয়ে বিষয়টি অবিশ্বাস্য মনে হয় কারণ কোরি’র পেশাজীবনের বড় অংশ জুড়ে রয়েছে ভ্রমণ! কিন্তু সেদিন সেই ইন্টারভিউ থেকে ফেরার পথে, আমরা বিমানে বসে কাঁদছিলাম। আমি ভাবছিলাম, ‘ওর জীবনটা কেমন হবে? এখন ও কী করবে? কেউ তো হুইলচেয়ারের বাইরে ওকে মানুষ হিসেবে দেখতেই পাচ্ছে না!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here