আগামী তিন মাসে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ
ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের বিজ্ঞান-নীতি সংলাপ আজ রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। ‘ক্লিন এয়ার ফান্ড’-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সংলাপ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরজান গুস্তাফসন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “সরকার আগামী তিন মাসের মধ্যে ৪,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে। এর মধ্যে কেবল ঢাকা শহর থেকেই ২৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।”
প্রতিমন্ত্রী আরও জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০,০০০ মেগাওয়াট। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানির দিকে রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে সৌরশক্তির সক্ষমতা বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার পূর্ববর্তী সরকারের কাছ থেকে প্রচুর পরিমাণে ‘দূষণকারী জ্বালানি’ অবকাঠামো—যেমন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র—উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিন প্রায় ১২,০০০ মেট্রিক টন কয়লা পোড়ানো হয় যা থেকে বিপুল পরিমাণ ব্ল্যাক কার্বন নির্গত হয়।
ইটভাটার বিরুদ্ধে সরকারি পদক্ষেপের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “ইটভাটাগুলো মোট বায়ুদূষণের প্রায় ১৩ শতাংশের জন্য দায়ী কারণ এগুলোতে প্রায়ই উচ্চ সালফারযুক্ত কয়লা ব্যবহার করা হয়। এছাড়া, দূষণ রোধে সরকার সারা দেশে কাঠ পোড়ানো ২০০টি ইটভাটা বন্ধ করে দিচ্ছে এবং সেগুলোর পরিবর্তে কংক্রিট ব্লক তৈরির কারখানা স্থাপন করছে। এই পরিবর্তনের ফলে ধোঁয়া নির্গমন পুরোপুরি বন্ধ হবে এবং কেবল সামান্য শব্দদূষণ অবশিষ্ট থাকবে।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন বলেন, “চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে।” অতীতের বিভিন্ন নীতির কারণে জ্বালানি খাত বর্তমানে বেশ নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমরা জ্বালানির উৎসগুলোকে বৈচিত্র্যময় করতে চাই। সরকার নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে যার মধ্যে সৌরশক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্পগুলোও বর্তমানে চলমান রয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, “ব্ল্যাক কার্বন’ বা কালো কার্বন হলো বায়ুমণ্ডলে ভাসমান অত্যন্ত ক্ষুদ্র কণা যা জীবাশ্ম জ্বালানি (যেমন—ডিজেল, অকটেন, পেট্রোল) বা জৈববস্তুর অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হয়। জ্বালানি পোড়ানোর সময় পর্যাপ্ত অক্সিজেনের অভাব থাকলে ব্ল্যাক কার্বন তৈরি হয়। ব্ল্যাক কার্বনের বিশেষ আলোকীয় বৈশিষ্ট্য রয়েছে; এটি সৌর বিকিরণ শোষণ করে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তোলে।”
তিনি উল্লেখ করেন যে বিএনপি’র গত সরকারের আমলে নেয়া উদ্যোগের ফলে বায়ুমণ্ডলে ব্ল্যাক কার্বনের পরিমাণ হ্রাস পেয়েছিল। সেই সময় বায়ুমণ্ডলে ব্ল্যাক কার্বনের মাত্রা ছিল প্রতি ঘনমিটারে প্রায় ৪০ মাইক্রোগ্রাম। বর্তমানে আমরা নিয়মিত পরিমাপ করে দেখছি যে এই মাত্রা প্রতি ঘনমিটারে ৬ থেকে ১২ মাইক্রোগ্রামের মধ্যে রয়েছে। তবে উন্নত বা অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, সেখানে এই মাত্রা প্রতি ঘনমিটারে মাত্র ১ থেকে ২.৫ মাইক্রোগ্রাম অর্থাৎ, আমাদের দেশে ব্ল্যাক কার্বনের মাত্রা এখনও ২৫ থেকে ৫০ গুণ বেশি যদিও আমরা তা উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছি।
ব্ল্যাক কার্বন আরও কমানোর জন্য আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, “বাংলাদেশের সঙ্গে সুইডেনের নতুন পাঁচ বছর মেয়াদী উন্নয়ন সহযোগিতা কৌশলে সবুজ রূপান্তর, জলবায়ু সহনশীলতা এবং পরিবেশগতভাবে টেকসই প্রবৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই কৌশলটি এই বিশ্বাসের প্রতিফলন যে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশগত স্থায়িত্বকে আলাদা পথে না চালিয়ে বরং একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নেওয়া উচিত। আমাদের দুই দেশের ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রে এটি একটি বড় সম্ভাবনা।”
তিনি যৌথ বৈজ্ঞানিক গবেষণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন কারণ শক্তিশালী অংশীদারিত্ব থেকে উন্নততর ধারণা পাওয়া যায় যা শেষ পর্যন্ত ভালো ফলাফল বয়ে আনে। তিনি আগামী দিনগুলোতে এই সহযোগিতাকে আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।