যুক্তরাষ্ট্রে এখনও অনেক ফ্লাইট বাতিল ও বিলম্বিত
মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার দুই দিন পরও রবিবার (১৫ নভেম্বর) হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
পরিবহন মন্ত্রী শন ডাফি বলেন, “আমাদের বিমান ও কর্মীরা সঠিক অবস্থানে নেই, তাই সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।”
তিনি জানান, সোমবারের আগে নিয়মিত কার্যক্রম পুরোপুরি শুরু নাও হতে পারে। রবিবার প্রায় ২,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ৫,০০০ ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে।
রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কাছে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধ জানান। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা সব বিমানের উড্ডয়ন স্থগিত হয়ে যাওয়ায় সারা দেশের বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন-এফএএ যখন ১৫:৫৪ ইএসটি (২০:৫৪ জিএমটি) সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেয় তখন প্রায় ৩,৫০০টি বিমান আকাশে ছিল। এর মধ্যে কিছু বিমান তাদের গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখলেও অন্যগুলোকে ভিন্ন বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।
বিশ্বব্যাপী ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ও এভিয়েশন ডেটা কোম্পানি ‘ফ্লাইটঅ্যাওয়ার’ (FlightAware)-এর তথ্য অনুযায়ী, এই ঘটনার ফলে ৮,৫০০টি ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয় এবং আরও ৮,০০০ ফ্লাইট বাতিল করা হয়।
বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা না পারছিলেন গন্তব্যের উদ্দেশে রওনা হতে না পারছিলেন টার্মিনালে ফিরে আসতে; ফলে তারা টারম্যাকে থাকা বিমানের ভেতরেই আটকা পড়েন।
অনেকে বিমানবন্দরে আটকা পড়ে মেঝেতে ঘুমানোর পাশাপাশি মরিয়া হয়ে তাদের ফ্লাইটের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। যুক্তরাজ্য ও ইউরোপ থেকে আসা কিছু ফ্লাইটও এই নিষেধাজ্ঞার কারণে বাতিল হয় যা বিশ্বজুড়ে যাত্রীদের ভ্রমণসূচিতে প্রভাব ফেলে।
প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, সপ্তাহান্তেও এর প্রভাব অব্যাহত ছিল।
শনিবার বিমান সংস্থাগুলো আরও ৫,৯০০টি ফ্লাইট বাতিল করে এবং ৭,০০০টি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত করে।
ডাফি জানান, পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় কর্তৃপক্ষ সব বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তদন্তকারীরা এখনও এই ত্রুটির মূল কারণ ও এর জন্য দায়ী বিষয়গুলো শনাক্ত করার চেষ্টা করছেন।
তার ভাষ্যমতে, কপার তার থেকে ফাইবার অপটিক ব্যবস্থায় পরিবর্তনের অংশ হিসেবে যে কম্পিউটার রাউটারটি স্থাপন করা হয়েছিল সেটিই ত্রুটিপূর্ণ সংকেত পাঠাতে শুরু করেছিল।
তিনি বলেন, রাউটার—যা নেটওয়ার্ক ট্র্যাফিক নিয়ন্ত্রণকারী এক ধরনের হার্ডওয়্যার—আরকানসাসের এল ডোরাডো শহরে বসানোর পর তা “আমাদের নেটওয়ার্ককে অতিরিক্ত ট্র্যাফিকে পূর্ণ করে ফেলেছিল”।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।