বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড

বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেয়ার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি‘র আজ শনিবারের (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, “প্রাপ্ত সব তথ্যের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সবকিছু সতর্কভাবে বিবেচনায় নিয়ে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে নির্ধারিত সূচিতে বদল আনা ঠিক হবে না।”
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো’র প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসি গতকাল শুক্রবার সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়ে দিয়েছে।
এই প্রথম কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসরে না খেলায় পরের বিশ্বকাপে তাদের সরাসরি খেলার সুযোগ নাও থাকতে পারে।
বাংলাদেশ বিশ্বকাপে ছিল ‘সি’ গ্রুপে। তাদের জায়গায় এখন এসেছে স্কটল্যান্ড। গ্রুপে তাদের অন্য চার প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল ভারতের কোলকাতায় এবং অন্যটি মুম্বাইয়ে। এখন বাংলাদেশের বদলে সেই ম্যাচগুলো খেলবে স্কটল্যান্ড।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান চতুর্দশ স্থানে। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়েছিল দেশটি।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।