দাম্মামের বিমানবন্দরে হুতি হামলা, বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
আহতদের দুইজন বাংলাদেশি প্রবাসী

পূর্ব সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় দু’জন নিহত ও আটজন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনায় আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি প্রবাসীও রয়েছেন। তারা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
সৌদি আরবের জেনারেল অথরিটি অভ সিভিল এভিয়েশন জানিয়েছে, বিমানবন্দরটিতে নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয়।
হামলাটি ঠিক কী ধরনের ছিল তা উল্লেখ করা না হলেও, ইরান-সমর্থিত হুতিরা আজ বৃহস্পতিবার জানিয়েছে যে, গত ৪৮ ঘণ্টায় তারা যেসব স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে এই বিমানবন্দরটিও ছিল।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোনকে বাধা দেওয়ার পর তার ধ্বংসাবশেষের আঘাতে আরও দু’জন নিহত হন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শায়বাহ তেল ক্ষেত্রে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রক্রিয়াজাতকরণ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোনটি আসার সময় সেটিকে বাধা দেওয়া হয়। এ সময় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়।
মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় নিহতরা ফিলিপাইন ও নেপালের নাগরিক ছিলেন।
তবে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারিয়া তেল ক্ষেত্রে চালানো এই হামলার দায় স্বীকার করেননি।
তিনি আরও জানান, দাম্মামের বিমানবন্দর ছাড়াও তারা রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরে আরামকোর একটি স্থাপনা এবং দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে, সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে দাম্মামগামী রুটের তিন দিনের সব ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিমান।
কিছুদিন বন্ধ থাকার পর গতকাল বুধবার দাম্মামের ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল বিমান।
ঢাকা-রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি।
তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে জানানো হয়েছে।
বিমান জানায়, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন।
টিকেট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় ঢাকা থেকে ১৩৫টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী।
বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ৬২টি সরাসরি ফ্লাইট এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
এরমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের ফ্লাইট বাতিল করেছে। এ বিষয়ে এয়ারলাইন্সটির পক্ষ থেকে এখনো কোনো হালনাগাদ তথ্য জানানো হয়নি।
অন্যদিকে, বাতিল ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের; ভারতীয় এই এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
এছাড়া, ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।