লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি ফিরছেন মঙ্গলবার
লিবিয়ায় আটক থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় আজ সোমবার (২৩ নভেম্বর) তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের বুরাক এয়ারের UZ222 ফ্লাইটযোগে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
লিবিয়ার বাংলাদেশি দূতাবাস সূত্র জানায়, প্রত্যাবাসিত এই বাংলাদেশিরা ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। তাদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান।
এ সময় লিবিয়ার সরকারের পররাষ্ট্র দপ্তরসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়কালীন সংক্ষিপ্ত সাক্ষাতে রাষ্ট্রদূত অভিবাসীদের খোঁজখবর নেন এবং দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান।
তিনি তাদের ভবিষ্যতে দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন। একই সঙ্গে কোনো অবস্থাতেই অনিয়মিত পথে বিদেশ গমন না করার জন্য সতর্ক করেন। দেশে ফিরে লিবিয়ায় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের জানানোর মাধ্যমে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি। পাশাপাশি মানব পাচার ও অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার বিভিন্ন শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। এ প্রেক্ষিতে ২৫ নভেম্বর ২০২৬ তারিখে আইওএম-এর সহায়তায় ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস কাজ করছে।
যারা ফিরছেন তাদের তালিকা নিচে দেয়া হলো






সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।