ইউরোপ

স্পেনে দাঁড়িয়ে থাকা ট্রেনকে আরেক ট্রেনের ধাক্কায় নিহত ৬৮

স্পেনে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৬৮ জন নিহত ও অসংখ্য আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) একটি দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বগিগুলোর ভেতর আরও হতাহত কেউ আছে কি না তা খুঁজে দেখছেন।

এটি এ বছর স্পেনে ঘটা দ্বিতীয় প্রাণঘাতী রেল দুর্ঘটনা এবং ২০১৩ সালের পর ইউরোপে ঘটা সবচেয়ে ভয়াবহ রেল বিপর্যয়।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইরিয়ো’ (Iryo) জানিয়েছে, তাদের একটি ট্রেনকে ‘রেনফে’ (Renfe)-এর একটি ট্রেন পেছন থেকে ধাক্কা দেয়। ট্রেন দু’টিতে মোট ৫০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এই দুর্ঘটনার পর পুরো স্পেন শোকাচ্ছন্ন হয়ে পড়েছে।

পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, ‘রেনফে’-এর একটি ট্রেনকে লাল সংকেত থাকা সত্ত্বেও চলতে দেওয়ার কারণেই এই সংঘর্ষ ঘটেছে।

মাদ্রিদে সাংবাদিকদের অস্কার পুয়েন্তে বলেন, কম্পিউটার যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে লাল সংকেত জ্বলে উঠেছিল যা স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলাচল থামিয়ে দেয় কিন্তু ভুলবশত ‘রেনফে’ ট্রেনটিকে পুনরায় চলতে দেওয়া হয়।

মাদ্রিদের দক্ষিণে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী সানচেজ এই ‘ভয়াবহ ট্র্যাজেডি’র তদন্তের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তদন্তে কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here