খালেদাকে লন্ডন নিতে কাতারের পাঠানো জার্মানির অ্যাম্বুলেন্স আসছে কাল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের পাঠানো জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে।
এর আগে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন রওনা হওয়ার কথা ছিল খালেদার। সেজন্য তার পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান আজ সকালে।
কাতারের আমিরের সেই এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে না পারায় কাতার সরকার বিকল্প হিসেবে জার্মানির এই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে।
শনিবার বিকালে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে ঢাকাস্থ কাতার দূতাবাস সূত্রে জানা গেছে। এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছালে রবিবার খালেদাকে লন্ডন নিয়ে যাওয়া হতে পারে।
এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেয়া হয়েছে জার্মানির নুরেমবার্গভিত্তিক ‘এফএআই এভিয়েশন গ্রুপ’ থেকে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স নামার জন্য কোনো শিডিউল চাওয়া হয়নি। সেই কারণে বেবিচক বা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রস্তুতিও নেয়া হয়নি।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।”
বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়, উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। তখনই কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলা হয়।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।