
বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার পর আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান শুরু করতে যাচ্ছে সেদেশের পুলিশ।
বাংলাদেশ পুলিশের আইজি মো. বাহারুল আলমের ধারণা, নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ হামলা চালানো হয়েছে।
এ হামলার কারণে রাজনীতিতে বা আগামী নির্বাচনে প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে অলআউট অভিযানে যাবো। আজ সারারাত সারাদেশেই আমরা এ ধরনের অভিযান চালাব।”
শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন হাদি।
মাথায় গুলিবিদ্ধ হাদিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে এক বার অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকের ধারণা, গুলি হাদির মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে এবং তার অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্লাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’।
গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বলেছিলেন, বিএনপি যদি ‘পুরনো ধারায়’ রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা দুই বছরও ক্ষমতায় টিকতে পারবে না। একই অনুষ্ঠানে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেছিলেন হাদি।



