
কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় লিওনেল মেসির অনুষ্ঠানে ক্ষণস্থায়ী উপস্থিতির পর, আজ (১৩ ডিসেম্বর) ভারতের কোলকাতার সল্টলেক স্টেডিয়ামে সমর্থকরা তার ভারত সফরের শুরুতে জিনিসপত্র ছুঁড়ে মারে, আসন ছিঁড়ে ফেলে এবং মাঠে তাণ্ডব চালায়।
পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক রাজীব কুমার জানিয়েছেন, এ ঘটনায় অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে আটক করা হয়েছে।
মেসির স্টেডিয়ামে আসার কথা ছিল ৪৫ মিনিট কিন্তু তা স্থায়ী হয় মাত্র ২০ মিনিট। অনুষ্ঠানের টিকেটের দাম ছিল প্রায় ৩,৫০০ রুপি (৩৮.৬৫ ডলার) যা ভারতে সাধারণ সাপ্তাহিক বেতনের অর্ধেকেরও বেশি। তবে একজন ভক্ত দাবি করেছেন যে তিনি টিকেটের জন্য ১৩০ ডলার খরচ করেছেন।
সল্টলেক স্টেডিয়ামে দর্শকরা ছিঁড়ে যাওয়া আসন এবং অন্যান্য জিনিসপত্র মাঠে ছুঁড়ে ফেলেন, অন্যরা একই কাজ করার জন্য মাঠের চারপাশের বেড়া বেয়ে উপরে উঠে যান।



