
ইজরায়েলি সেনাবাহিনী আজ শনিবার (১৩ ডিসেম্বর) গাজা সিটিতে একটি গাড়িতে হামলায় শীর্ষ হামাস কমান্ডার রায়েদ সাঈদকে হত্যার দাবি করেছে।
ইজরায়েলের দাবি গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজন হলেন রায়েদ সাঈদ।
অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর এটি ছিল একজন শীর্ষ হামাস নেতার সবচেয়ে উল্লেখযোগ্য হত্যাকাণ্ড।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে বলেছেন যে শনিবার হামাসের একটি হামলার প্রতিশোধ হিসেবে সাইদকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যে হামলায় বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে দুই সেনা আহত হয়েছিল।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা সিটিতে গাড়ি হামলায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। হামাস বা চিকিৎসা কর্মীরা তাৎক্ষণিকভাবে সাঈদ নিহতদের মধ্যে একজন কি না তা নিশ্চিত করেনি।
একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা সাইদকে একজন সিনিয়র হামাস সদস্য হিসেবে চিহ্নিত করেছেন যিনি অস্ত্র তৈরির জন্য সংগঠনের নেটওয়ার্ক তৈরি এবং সম্প্রসারণে অবদান রেখেছিলেন।
ওই কর্মকর্তা আরও বলেন, “সাম্প্রতিক মাসগুলিতে তিনি হামাসের ক্ষমতা এবং অস্ত্র তৈরি পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করেছেন যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন”।
হামাস সূত্র জানায়, ইজ এলদিন আল-হাদাদের পর তিনি গ্রুপের সামরিক শাখার দ্বিতীয় শীর্ষ ব্যক্তি।
সূত্র আরও জানায়, সাঈদ একসময় হামাসের গাজা সিটি ব্রিগেডের দায়িত্বে ছিলেন যা সংগঠনটির বৃহত্তম এবং সর্বোত্তম অংশ হিসেবে সজ্জিত ছিল।
এক বিবৃতিতে হামাস এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে তবে প্রতিশোধের হুমকি দেওয়া থেকে বিরত রয়েছে এবং সাঈদের হতাহত হওয়ার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি।



