
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হানুকা উদযাপন উপলক্ষে একটি ইহুদি সমাবেশের কাছে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
এতে একজন বন্দুকধারী নিহত এবং অন্যজন হেফাজতে রয়েছে।
হামলার এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন আর কোনো হুমকি নেই তবে লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
একজন জ্যেষ্ঠ আইন প্রয়োগকারী কর্মকর্তার মতে, বন্দুকধারীর মধ্যে একজন ছিলেন সিডনির দক্ষিণ-পশ্চিমের বনিরিগের বাসিন্দা নাভিদ আকরাম।
নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিন্সের মতে, সিডনি’র ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জাতীয় নিরাপত্তা সভা ডেকে এই গুলিবর্ষণকে “বিধ্বংসী সন্ত্রাসী ঘটনা” হিসেবে উল্লেখ করেছেন।



