
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও তার স্বামী এনসিপি’র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন।
পদত্যাগের পর জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।
পদত্যাগের আগে এনসিপি’র হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তার।
কিন্তু আজ পদত্যাগের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জারা লিখেছেন, ‘এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’
ঢাকা-৯ আসনের অধিবাসীদের উদ্দেশ করে তিনি বলেন, “আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”
জারা জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ ভোটারের সমর্থনযুক্ত সই সংগ্রহের কাজ তিনি শুরু করবেন আগামীকাল।
একইসঙ্গে তিনি নির্বাচনী ফান্ডরেইজিংয়ে পাওয়া অর্থ ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন।



