
বুধবার (৭ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একজন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই অফিসারের গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার পর আমেরিকান শহরগুলিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড বাড়তে পারে।
৩৭ বছর বয়সী রেনি নিকোল গুডের মৃত্যু হয় গাড়ি চালনারত অবস্থায়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাকে “দাঙ্গাবাজ” হিসেবে উল্লেখ করে বলেছে যে তিনি অভিবাসন আইন প্রয়োগকারী কর্মীদের বাধাগ্রস্ত করার জন্য তার গাড়ি ব্যবহার করার চেষ্টা করছিলেন।
মিনেসোটা অঙ্গরাজ্য এবং পৌর নেতারা গুডের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে বলেছেন যে ডিসেম্বরে যখন ফেডারেল সৈন্যরা টুইন সিটিতে আসতে শুরু করে তখন তারা এই ধরনের সহিংস ঘটনার আশঙ্কা করেছিলেন।
ঘটনার পর, মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এক সংবাদ সম্মেলনে বলেন যে তিনি “কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছিলেন” যে তার রাজ্যে আইসিই কার্যক্রম “জননিরাপত্তার জন্য হুমকি”।
এদিকে, মিনেসোটার কর্মকর্তারা বলেছেন, এফবিআই তাদের তদন্তে অংশগ্রহণ করতে নিষেধ করেছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, তদন্তে স্থানীয় কর্তৃপক্ষের “কোনো এখতিয়ার” নেই। ফেডারেল এবং পৌর কর্মকর্তারা গুলি চালানোর ঘটনাটিকে ভিন্নভাবে বর্ণনা করেছেন।
নোয়াম দাবি করেছেন যে গুড “তার গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করার” চেষ্টা করেছিলেন।
অন্যদিকে, মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে দাবি করেছেন যে আইসিই এজেন্টরা “বেপরোয়াভাবে ক্ষমতা ব্যবহার করেছিলেন যার ফলে একজন মারা গেছেন।”
ইতোমধ্যে, মিনিয়াপলিসে আইসিই-এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে।
আগে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে হোয়াইট হাউজের পদক্ষেপের অংশ হিসেবে, শত শত আইসিই এজেন্টকে মিনেসোটার মিনিয়াপলিসে পাঠানো হয়।



