
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অনুরোধ আইসিসি বোর্ড সদস্যদের ভোটে খারিজ হয়ে গেছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায় তাহলে বদলি হিসেবে অন্য কোনো দেশকে সুযোগ দেওয়া হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সভায় আজ বুধবার (২১ জানুয়ারি) ভোটাভুটিতে এই রায় দেয় বোর্ড সদস্যরা।
এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর একটি দিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে।
এ সিদ্ধান্তের ব্যাপারে বিসিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
বিসিবি ও বাংলাদেশ সরকার নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ কোনোভাবেই ভারতে যাবে না বলেছে অনেকবার।
বিসিবি কয়েক দফায় নিজেদের নিরাপত্তা শঙ্কার ব্যাপারটি তুলে ধরলেও আইসিসি প্রতিবারই বলেছে কোনো দলের প্রতি সুনির্দিষ্ট কোনো হুমকি বা ঝুঁকি নেই।
বিশ্বকাপে বাংলাদেশ না গেলে র্যাঙ্কিং অনুসারে বিশ্বকাপে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড।
আইসিসি বোর্ডের এই অনলাইন সভায় যোগ দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়াসহ টেস্ট খেলে এমন সব দেশের প্রতিনিধিরা, সহযোগী দেশগুলোর দুই প্রতিনিধি, আইসিসি’র প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা, আইসিসি’র ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা ও আইসিসি’র মহাব্যবস্থাপক (ইভেন্টস) গৌরাভ সাক্সেনা।
এছাড়া ছিলেন আইসিসি দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। গত শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশের রাজধানী ঢাকায় গিয়ে আইসিসি’র প্রতিনিধি হিসেবে বিসিবি’র সঙ্গে সভাও করে আসেন তিনি।



