আমেরিকা

ম্যাসাচুসেটসের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঝড়

থ্যাঙ্কসগিভিং ডে’র বিকেল-সন্ধ্যায় হতে পারে বৃষ্টি; যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, একটি শক্তিশালী ঝড় ম্যাসাচুসেটসের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে থ্যাঙ্কসগিভিং ডে-এর বিকেল ও সন্ধ্যায় বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা উপকূলীয় অঞ্চলে তীব্র বন্যা, ভারী বৃষ্টিপাত এবং এমন শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিয়েছেন যা গাছপালা ও বিদ্যুৎ লাইন উপড়ে ফেলতে পারে। আজ (২৬ নভেম্বর) বিকেল থেকে আবহাওয়া সবচেয়ে খারাপ এবং তা রাত পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ১.৫ থেকে ২.৫ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। স্প্রিংফিল্ড এবং কেপ অ্যান্ড আইল্যান্ডস অঞ্চলে দুপুর থেকে বিকেল ২টার মধ্যে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বস্টন ও ওরচেস্টার এলাকায় বিকেল ২টা থেকে ৪টার মধ্যে এবং উত্তর-পূর্ব ম্যাসাচুসেটসে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, যদিও পুরো অঙ্গরাজ্যই এই ঝড়ের কবলে পড়বে তবে দক্ষিণ ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

থ্যাঙ্কসগিভিং ডে-এর সকালটা শুষ্ক থাকলেও, দুপুরের পর দক্ষিণ দিক থেকে বৃষ্টি উত্তর দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে এটি বস্টন অঞ্চলসহ মধ্য ও উত্তর ম্যাসাচুসেটসে পৌঁছে যেতে পারে।

মধ্য ও পূর্ব ম্যাসাচুসেটসের বড় একটি অংশ এবং রোড আইল্যান্ডে ১.৫ থেকে ২.৫ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সবচেয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কানেকটিকাট রিভার ভ্যালিতে প্রায় এক ইঞ্চি এবং বার্কশায়ার অঞ্চলে এক থেকে দেড় ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

আজ বিকেলে বাতাসের গতিবেগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উপকূলের সবচেয়ে উন্মুক্ত এলাকাগুলোতে বাতাসের ঝাপটার গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত হতে পারে এবং অন্যান্য উপকূলীয় এলাকায় তা ৪০ থেকে ৫০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে।

ওরচেস্টার কাউন্টির উঁচু এলাকা ও পাহাড়ি শহরগুলোতে শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে। এছাড়া অভ্যন্তরীণ এলাকাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ মাইল হতে পারে বিশেষ করে আজ সন্ধ্যায় গাছ উপড়ে পড়া, বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ বিভ্রাট এবং রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে উপকূলীয় অঞ্চল। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, বছরের অন্যতম বড় জোয়ারের সময় এই ঝড় উপকূলের দিকে শক্তিশালী পূর্বমুখী বাতাস বয়ে আনবে যার ফলে উপকূলীয় এলাকায় সমুদ্রের পানি জমে গিয়ে পরিস্থিতির অবনতি হতে পারে।

সকাল ৭টা পর্যন্ত, ন্যাশনাল ওয়েদার সার্ভিস দক্ষিণ নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলের একটি বড় অংশের জন্য—যার মধ্যে ম্যাসাচুসেটসের উপকূলীয় এলাকা, ওরচেস্টার কাউন্টির উঁচু ভূখণ্ড এবং বার্কশায়ার্সের পূর্ব ঢাল অন্তর্ভুক্ত—বাতাস সংক্রান্ত সতর্কতা (উইন্ড অ্যাডভাইজরি) জারি করেছে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ সতর্কবার্তাটি অর্থাৎ তীব্র বাতাসের সতর্কতা (হাই-উইন্ড ওয়ার্নিং)—ব্লক আইল্যান্ডের জন্য শুক্রবার ভোর ১টা পর্যন্ত কার্যকর থাকবে।

রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সারা রাতব্যাপী উপকূলীয় বন্যার সতর্কতা (কোস্টাল ফ্লাড অ্যাডভাইজরি) জারি রয়েছে। এছাড়া শুক্রবার সকাল ও বিকেলের জোয়ারের সময়গুলোর জন্যও সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা দেওয়া হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় জলপথগুলোতে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ঝড়ের সতর্কতা (স্টর্ম ওয়ার্নিং) রয়েছে এবং অন্যান্য এলাকায় শুক্রবার দুপুরের আগ পর্যন্ত প্রবল বাতাস সংক্রান্ত সতর্কতা (গেল ওয়ার্নিং) কার্যকর থাকবে।

- বস্টন স্টার নিউজথ্যাঙ্কসগিভিং উৎসব উদযাপনের এই সময়ে বড় ধরনের ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের উভয় উপকূলেই চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং বিমান চলাচল বাতিলের মতো ঘটনা ঘটতে পারে।

ইতিমধ্যে ১ হাজারেরও বেশি ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি, প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

ছুটির এই সপ্তাহান্তে ৮ কোটিরও বেশি মানুষ ভ্রমণের পরিকল্পনা করছেন বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here