
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ র উদ্বোধন করেছে নির্বাচন কমিশন।
প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররাও ভোট দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সন্ধ্যায় এই অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, “বর্তমানে ১ কোটি ৩০ লাখ মানুষ প্রবাসে বসবাস ও বিভিন্ন দেশে কর্মরত আছেন। এতদিন প্রবাসীরা ভোট দেওয়া থেকে বঞ্চিত হতেন। এই উদ্যোগ তাদের ভোটাধিকার বঞ্চনার অবসান করলো।”
তিনি আরও বলেন, “তিন মাসের কিছু বেশি সময় নিয়ে মোবাইল অ্যাপ তৈরির মতো একটি কাজ আমরা সম্পন্ন করেছি। এটিকে আমরা দুঃসাহসের সঙ্গে বিবেচনা করছি। এটি একটি আইটি সাপোর্টেড সিস্টেম যেটি ভোট প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া অনলাইন আর প্রদানের কার্যক্রম ম্যানুয়েল।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আউট অভ কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রজেক্টের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান।
পুরো ভোটিং প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, “তফসিল ঘোষণার পরে প্রবাসে ব্যালট পেপার চলে যাবে বাংলাদেশ থেকে যাতে প্রতীক বরাদ্দের আগেই পোঁছে যায়। আর বরাদ্দের পর ভোটার নিজের ফোনের মোবাইল অ্যাপে প্রার্থী দেখে ভোটটা দিয়ে দেবেন। তারপর আবার ডাকযোগে পাঠাবেন। প্রবাসীদের কার্যক্রমের শেষের দিকে দেশের তিন ধরনের ব্যক্তির (অ্যাপে নিবন্ধিত) ঠিকানা ধরে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু হবে।”



