
বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর এক্সপ্রেসওয়ে থেকে কার ছিটকে নিচের সড়কে পড়লে এক সাইকেল আরোহী মারা গেছেন। বন্দর থানাধীন নিমতলা এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নিমতলা মোড়ের কাছে পতেঙ্গার দিক থেকে আসা একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়।
এ দুর্ঘটনায় প্রাইভেট কারটিতে থাকা চারজন আহত হন। তাদেরকে নগরীর আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে এক তরুণীর আঘাত ছিল গুরুতর।
অপরদিকে, এক্সপ্রেসওয়ের নিচে সাইকেল আরোহী ব্যক্তি যার উপর ওই কারটি পড়ে তাকে আগ্রাবাদের মা, শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি হাসপাতালে মারা যান।
৫৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম শফিক বলে জানা গেছে। তিনি চট্টগ্রাম বন্দরের কর্মচারী।
দুর্ঘটনার পর পুলিশ বিধ্বস্ত গাড়িটি উদ্ধার করে বন্দর থানায় নিয়ে যায়।



