
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে বিশ্বের যেকোনো দেশের বাংলাদেশী প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন-ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশী ভোটারদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপ উদ্বোধন করেন গত ১৮ নভেম্বর।
পরের দিন ১৯ নভেম্বর নিবন্ধন শুরু হয়ে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন দেশ ও অঞ্চলের ৪০ হাজার ৫১২ জন নিবন্ধন করেন এ অ্যাপে।
পাঁচ দিন ধরে অঞ্চলভিত্তিক সময় নির্ধারণ করা হলে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপি’র পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হলে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের ফলে অঞ্চলভিত্তিক ভাগ না করে প্রায় ১৫০ দেশে একসঙ্গে নিবন্ধনের সুযোগ পাবেন প্রবাসীরা। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর।



