
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরো ১৭৩ বাংলাদেশী দেশে ফিরছেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে এই বাংলাদেশীদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হচ্ছে।
বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) আনুমানিক সকাল ৭টায় ঢাকায় পৌঁছাবেন বলে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা সেন্টারে উপস্থিত থেকে এই প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করে প্রত্যাবাসিত বাংলাদেশীদের বিদায় জানান।
দেশে ফেরত যাওয়া এই বাংলাদেশীদের উদ্দেশে তিনি বলেন, “অবৈধ পথে বিদেশ গমন কখনই নিরাপদ নয়। এ পথে শুধু জীবন নয়, সম্মান, সময় ও অর্থ—সব কিছুই ঝুঁকির মুখে পড়ে। তাই বৈধ পথ, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসনই একমাত্র গ্রহণযোগ্য উপায়।”



