
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “মেডিক্যাল বোর্ড দূরে ভ্রমণের জন্য বেগম খালেদা জিয়ার শরীর উপযুক্ত মনে করলে তাকে বিদেশে নেওয়া হবে। এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত কথা বলছেন ডা. জুবাইদা। আর সার্বিক বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
তিনি বলেন, “খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে বিদেশ নিতে বিলম্ব হচ্ছে।”
তবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সসহ সবকিছু প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকালে বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান ডা. জাহিদ।
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া।
তাকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পর সেটিকে ভিভিআইপি ফ্লাইট হিসেবে অনুমোদন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)কে নির্দেশ দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে।
এদিকে, আজ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনো দিন উনাকে নেওয়া হবে।”



