
মার্কিন যুক্তরাষ্ট্র এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮৫ হাজার ভিসা বাতিল করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আমেরিকান কমিউনিটিগুলোকে সুরক্ষিত রাখা এবং জননিরাপত্তা মান বজায় রাখার জোর প্রচেষ্টার অংশ হিসাবে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।
তিনি বলেন, “আমরা সব ক্যাটাগরি মিলিয়ে ৮৫,০০০ ভিসা বাতিল করেছি। এগুলোর মধ্যে ৮,০০০ এর বেশি শিক্ষার্থী ভিসাও রয়েছে যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।”
তিনি আরও বলেন, “ভিসা বাতিল হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং হামলা ও চুরির মতো অপরাধ। এই অপরাধগুলোর কারণে গত বছর প্রায় অর্ধেক ভিসা বাতিল হয়েছে। এসব মানুষ সরাসরি আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি। আমরা তাদেরকে দেশে রাখতে চাই না।”
এসব কারণে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের আবেদনকারীদের জন্য ভিসা যাচাইয়ের পদ্ধতি কঠোর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
অপরাধমূলক ঘটনার কারণে মার্কিন ভিসা বাতিল নতুন কোনো ঘটনা না হলেও এ বছর যে ৮৫ হাজার ভিসা বাতিল হয়েছে তা যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা মান বজায় রাখার ব্যাপারে দেশটির ঝুঁকি মূল্যায়নের কঠোর অবস্থানকেই বুঝায়।



