
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারা পদত্যাগ করলেন। তারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে আজ বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন।
সন্ধ্যা সোয়া ৬টায় যমুনায় সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বিকাল ৫টায় যমুনায় পদত্যাগপত্র জমা দেন দুই উপদেষ্টা। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে তাদের পদত্যাগ কার্যকর হবে।”
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’
প্রেস সচিব জানান, পদত্যাগী দুই তরুণ উপদেষ্টাকে ‘নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার’ আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা।



